বিয়ের প্রলোভনে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন দণ্ড
কুষ্টিয়ার মিরপুর থানার বিয়ের প্রলোভনে সপ্তম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় রাজিব কুমার ঘোষ (২৫) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ (শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল) আদালতের বিচারক এএইচ এম শফিকুল ইসলাম আদালতে আসামির উপস্থিতিতেই এই রায় দেন।
দণ্ডপ্রাপ্ত রাজিব কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের উত্তর কাটদহ গ্রামের বাসিন্দা জয় ঘোষের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, আসামি রাজিব দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে স্কুলে যাতায়াতের পথে উত্ত্যক্ত করতেন এবং নানা ধরনের কুপ্রস্তাব দিতেন। এতে কিশোরীর কাছ থেকে কোনো সাড়া না পেয়ে রাজিব মরিয়া হয়ে ওঠেন। এরই ধারাবাহিকতায় ২০২২ সালের ২ ডিসেম্বর দুপুরে কিশোরীর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগে রাজিব তার বাড়িতে যান। পরে কিশোরীকে জোরপূর্বক একটি ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে মামলায় অভিযোগ করা হয়। এ ঘটনা কাউকে না জানালে কিশোরীকে বিয়ে করবেন বলেও রাজিব অঙ্গীকার করেন বলে মামলার নথিতে উল্লেখ করা হয়েছে।
এরপর কিশোরীর দিনমজুর বাবা-মায়ের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজিব একাধিকবার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়। পরে বিয়ের কথা বললে রাজিব তাতে অস্বীকৃতি জানান। এ ঘটনায় বিচার চেয়ে ভুক্তভোগী কিশোরী নিজেই বাদী হয়ে ২০২২ সালের ১১ ডিসেম্বর মিরপুর থানায় ধর্ষণের অভিযোগে রাজিব কুমার ঘোষকে আসামি করে মামলা করেন।
মামলাটির তদন্ত শেষে মিরপুর থানার উপসহকারী পুলিশ পরিদর্শক মুরাদুল ইসলাম ২০২২ সালের ৩০ ডিসেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত-২০০৩)-এর ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগে রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি অ্যাডভোকেট আব্দুল মজিদ জানান, মিরপুর থানার স্কুলছাত্রী ধর্ষণ মামলায় আসামি রাজিব কুমার ঘোষের বিরুদ্ধে আনা অভিযোগ সাক্ষ্যগ্রহণ শেষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: