• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

দুদকের ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, নতুন আদেশে যা জানালেন হাইকোর্ট

প্রকাশিত: ১৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

আপডেট: ১৫:৫৬, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
দুদকের ব্রিফিং নিয়ে আসিফ মাহমুদের রিট, নতুন আদেশে যা জানালেন হাইকোর্ট

ফাইল ছবি

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে; দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন বক্তব্যের ভিত্তিতে দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি এস কে তাহসিন আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে সোমবার (২৮ সেপ্টেম্বর) দুদকের ওই ব্রিফিংয়ের আইনগত কর্তৃত্ব চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তার পক্ষে আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা রিটটি দায়ের করেন।

রিটে বলা হয়, কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলাকালে সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়ে গণমাধ্যমে এমন বক্তব্য দেওয়া হলে তার মান-সম্মান ক্ষুণ্ন হতে পারে। রিটকারীর দাবি, এ ধরনের বক্তব্য সংবিধান ও দুদকের তথ্য প্রকাশ-সংক্রান্ত নীতির সঙ্গে সাংঘর্ষিক।

রিট আবেদনে গত ২ ও ১৩ সেপ্টেম্বর দুদকের দেওয়া প্রেস ব্রিফিংকে বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করার আবেদন জানানো হয়। পাশাপাশি ব্রিফিংয়ে দেওয়া বক্তব্য প্রত্যাহার, ভুল স্বীকার করে ক্ষমা প্রার্থনা এবং অনুসন্ধান বা তদন্ত চলাকালে এ ধরনের ‘মিডিয়া ট্রায়াল’ বন্ধে নির্দেশনা চাওয়া হয়।

রিটকারীর আইনজীবী জানিয়েছেন, রিটটি কার্যতালিকা থেকে বাদ পড়লেও আইনগতভাবে এটি অন্য বেঞ্চে শুনানির জন্য উপস্থাপন করা হবে।

এর আগে ২ সেপ্টেম্বরের এক প্রেস ব্রিফিংয়ে আসিফ মাহমুদ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে বদলি, নিয়োগ ও পদোন্নতি বাণিজ্যের অভিযোগে ‘প্রাথমিক সত্যতা পাওয়ার’ কথা জানানো হয়েছিল বলে রিট আবেদনে উল্লেখ করা হয়। পরে ওই বক্তব্যকে অনিচ্ছাকৃত ভুল বা ‘স্লিপ অব দ্য টাং’ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল বলেও বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত