১০ বছরের সাজার বিরুদ্ধে খালাস চেয়ে ইনুর পক্ষে আপিল
ফাইল ছবি
মানবতাবিরোধী অপরাধের মামলায় ১০ বছরের কারাদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে আপিল করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বুধবার (১৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আপিল দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ইনুর আইনজীবী সিফাত মাহমুদ।
এর আগে, গত ৩০ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ হাসানুল হক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দেন। তাঁর বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের প্রতিটিতে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। তবে আদালত জানান, সাজাগুলো একসঙ্গে কার্যকর হবে। ফলে তাঁকে মোট ১০ বছর কারাগারে থাকতে হবে।
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথোপকথনের মাধ্যমে কমান্ড রেসপনসিবিলিটির অভিযোগ এবং কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা করা হয়।
২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।
এদিকে, ইনুর বিরুদ্ধে শাপলা চত্বরের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলাটির বিচারও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: