শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন
গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় ফিরোজ সিকদার নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ১৬ ডিসেম্বর রাতে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পুইশুর এলাকায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করেন আসামি ফিরোজ সিকদার। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামি পালিয়ে যান।
এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সরকারি কৌঁসুলি (পিপি) মো. তৌফিকুল ইসলাম বলেন, এ ধরনের রায়ের মাধ্যমে শিশু নির্যাতন ও ধর্ষণের মতো অপরাধ প্রতিরোধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত হবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: