দুই ভারতীয় নাগরিকের জামিন নামঞ্জুর
অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে বিএসএফের গুলিতে আহত সেই ভারতীয় দুই নাগরিককে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক রফিকুল ইসলাম তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আসামিরা হলেন, ভারতের আসাম রাজ্যের ধুবড়ি জেলার ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম মন্ডল (৩৯)।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ৪ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রংপুরে ক্লিনিকে খোঁজ নিয়ে দুই ভারতীয় নাগরিককে আহত অবস্থায় চিকিৎসা নিতে দেখা যায়। পরে তাদের বাংলাদেশে প্রবেশের বৈধ কাগজপত্র সম্পর্কে জানতে চাওয়া হলে তারা বৈধ পাসপোর্ট ও ভিসা দেখাতে পারেননি।
পুলিশের অভিযোগ, ওই দিন সকাল আনুমানিক ৬টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দইখাওয়ার চর সীমান্ত এলাকা দিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করেন। এ বিষয়ে সন্তোষজনক জবাব দিতে না পারায় তাদের বিরুদ্ধে দ্য কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট, ১৯৫২-এর ৪ ধারায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ওমর ফারুক সুমন বলেন, ওই দুই ব্যক্তি ভারতের সীমান্তবর্তী মানিকারচর এলাকায় কালাই ক্ষেতে কাজ করছিলেন। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ তাদের পরিচয় জানতে চায়। তখন তারা নিজেদের ভারতীয় দাবি করলেও বিএসএফ বাংলাদেশী দাবি করে তাদের ধরে নিয়ে যায় এবং বেধড়ক মারধর ও ছড়ড়া গুলি করে আহত করে।
পরে তাদের বাংলাদেশের কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার দইখাওয়ার চর সংলগ্ন সীমান্তে ফেলে রেখে চলে যায়।
এসময় স্থানীয় মাঝি ও জেলেরা তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে আসে।
অ্যাডভোকেট ওমর ফারুক আরও বলেন, সাম্প্রতিক সময়ে ভারতের যে অনুপ্রবেশের প্রবণতা দেখা দিয়েছে তারই ধারাবাহিকতায় ইসমাইল ও আলীমকে সেভাবেই অনুপ্রবেশ করানো হয়েছে বলে আমরা মনে করছি।
বিষয়টি আদালতে উপস্থাপন করেছি। যেহেতু এটি একটি স্পর্শকাতর বিষয় তাই গভীর পর্যবেক্ষণের জন্য আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন এবং আগামী ২৭ অক্টোবর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন।
বিভি/এআই













মন্তব্য করুন: