মনিরুল ও পরিবারের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ, জমা ১৯ কোটি টাকা!
ছবি: মনিরুল ইসলাম
পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) ও স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মো. মনিরুল ইসলাম এবং তার পরিবারের সদস্যদের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে জমা রয়েছে ১৯ কোটি ৪৭ লাখ টাকার বেশি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক আয়েশা আক্তার মৌসুমি এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
অবরুদ্ধ করা হিসাবগুলোর মধ্যে মনিরুল ইসলামের ১১টি, তার স্ত্রী ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানার পাঁচটি, শ্যালক রেজাউল আলম শাহীনের ৪০টি এবং শ্যালকের স্ত্রী সানজিদা খানম টুম্পার ২৭টি হিসাব রয়েছে।
দুদকের আবেদনে বলা হয়েছে, মনিরুলের হিসাবে ৭৮ লাখ ৬০ হাজার ৭২৮ টাকা ও ৩ হাজার ৯৭৮ ব্রিটিশ পাউন্ড, সায়লা ফারজানার হিসাবে ৮ লাখ ২ হাজার ৬৭০ টাকা, শাহীনের হিসাবে ১০ কোটি ৬০ লাখ ৩৭ হাজার ৩৮২ টাকা এবং টুম্পার হিসাবে ৮ কোটি ২২ লাখ ৫১ টাকা রয়েছে।
আবেদনে তাদের বিরুদ্ধে পরস্পর যোগসাজশে ২৫ কোটি টাকা আত্মসাৎ, এনজিওর নিয়ন্ত্রণ নিয়ে অর্থ আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
দুদকের দাবি, অনুসন্ধানে তাদের নামে বিভিন্ন ব্যাংক হিসাব ও অবৈধ সম্পদের তথ্য পাওয়া গেছে। এসব অর্থ উত্তোলন বা বিদেশে পাচার ঠেকাতে হিসাবগুলো অবরুদ্ধ করা জরুরি। তবে অভিযোগগুলোর বিষয়ে আদালতে চূড়ান্তভাবে দোষী সাব্যস্ত হওয়ার তথ্য প্রতিবেদনে উল্লেখ নেই।
বিভি/এমআর













মন্তব্য করুন: