• NEWS PORTAL

  • সোমবার, ০২ নভেম্বর ২০২৬

৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের শেষ সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি 

প্রকাশিত: ২২:২৫, ১ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
৫ শতাধিক আইনজীবীর সনদ স্থগিতের শেষ সময় বেঁধে দিয়ে হুঁশিয়ারি 

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির তালিকাভুক্ত পাঁচ শতাধিক সদস্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছেন। এসব সদস্যের আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ স্থগিতের জন্য আবেদন করতে আগামী ১২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সমিতি। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

রবিবার (১ নভেম্বর) এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিচার বিভাগ, সরকারি, আধা সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, বিনিয়োগ প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরিতে নিয়োজিত আইনজীবীদের সনদ স্থগিতের জন্য আবেদন করতে হবে।

এ ক্ষেত্রে আগে মৌখিকভাবে কিংবা নির্ধারিত ফরম ছাড়া আবেদন করে থাকলেও নতুন করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দিতে হবে।

আবেদনের সঙ্গে বাংলাদেশ বার কাউন্সিলের নির্ধারিত ফরম, নিয়োগপত্র, যোগদানপত্র এবং ব্যাংকে জমা দেওয়া ২ হাজার ১০০ টাকার রসিদ সংযুক্ত করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে আবেদন না করলে সংশ্লিষ্ট আইনজীবীদের সনদ স্থগিতের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে। চাকরির তথ্য গোপন করে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত থাকা সদস্যদের তালিকা বাংলাদেশ বার কাউন্সিলে পাঠানো হবে।

এ ছাড়া বার্ষিক চাঁদা পরিশোধ করলেও চাকরিতে নিয়োজিত সদস্যরা ভবিষ্যতে সমিতির কোনো সুযোগ-সুবিধা পাবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মঈনউদ্দিন জানান, সমিতিতে প্রায় ৯ হাজার আইনজীবী তালিকাভুক্ত রয়েছেন। তাদের মধ্যে পাঁচ শতাধিক সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করছেন। এসব সদস্যের সনদ স্থগিতের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত