তাহসিফ সাউরির মৃত্যু: বান্ধবী দিশার ৪ দিনের রিমান্ড
বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলায় তার বান্ধবী জেরিকা তাসনীম দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ নভেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ আদেশ দেন। এর আগে তদন্ত কর্মকর্তা দিশাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন।
শনিবার দিবাগত রাত ২টার দিকে রাজধানীর কাফরুলে নিজ বাসা থেকে জেরিকা তাসনীম দিশাকে গ্রেফতার করা হয়।
রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, তথ্যপ্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, গত ২৭ অক্টোবর রাতে তাহসিফের সঙ্গে উত্তরার নেস্ট বার অ্যান্ড রেস্টুরেন্টে গিয়েছিলেন দিশা। এর আগে তারা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যাকসেও গিয়েছিলেন।
এসব তথ্যের ভিত্তিতে তাহসিফের মৃত্যুর ঘটনায় দিশার সংশ্লিষ্টতা যাচাই এবং ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করেন তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রিপন দিশার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: