• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬

হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ

প্রকাশিত: ১৬:২৩, ২ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি মোজাম্মেলকে গ্রেফতার দেখানোর আদেশ

জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলন চলাকালে রাজধানীর ভাটারা এলাকায় শামীম মিয়া নামের এক ব্যক্তিকে হত্যাচেষ্টা মামলায় শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী লিটন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ২৭ অক্টোবর এ মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করেছিলেন মামলার তদন্ত কর্মকর্তা ও ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান।

আদালত সূত্রে জানা যায়, সোমবার (২ নভেম্বর) বি এম মোজাম্মেল হককে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ তাকে গ্রেফতারের পক্ষে এবং আসামিপক্ষের আইনজীবীরা এর বিপক্ষে শুনানি করেন। দীর্ঘ শুনানি শেষে আদালত তাকে এই মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই ভাটারা থানার ১০০ ফুট রাস্তায় বৈষম্যবিরোধী আন্দোলনে যোগ দিয়ে শরীরের চার জায়গায় গুলিবিদ্ধ হন শামীম মিয়া। পরে চিকিৎসা শেষে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ অনেকের নামে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। সেই মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে বি এম মোজাম্মেল হককে গ্রেফতার দেখানো হলো।

বিভি/এসজি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত