ঢাকার বায়ুদূষণ রোধে পদক্ষেপ জানাতে দুই সপ্তাহ সময় দিলেন আদালত
ফাইল ছবি
রাজধানী ঢাকার বায়ুদূষণ বন্ধে আদালতের দেওয়া ৯ দফা নির্দেশনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে দুই সপ্তাহের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ সোমবার (২ নভেম্বর) মৌখিকভাবে এ আদেশ দেন।
আবেদনের পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ জানান, ঢাকার বায়ুদূষণ বন্ধে ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষে ২০২০ সালে বিবাদীদের প্রতি নয় দফা নির্দেশনা জারি করেন আদালত। যার মধ্যে অন্যতম হলো শহরের বিভিন্ন জায়গায় পানি ছিটানো, বালু পরিবহনের ট্রাক ঢেকে রাখা, নির্মাণকাজের এলাকা ঘিরে রাখা, বিভিন্ন মার্কেট থেকে অপসারণ করা ময়লা ব্যাগে করে নির্দিষ্ট সময়ে সরানো এবং ঢাকার পার্শ্ববর্তী এলাকার অবৈধ ইটভাটা বন্ধ করা।
ওই আদেশের ধারাবাহিকতায় আদালতে মামলাটি আদেশের জন্য তালিকায় আসে। শুনানি শেষে আদালত মৌখিক আদেশে বিবাদীদের আগামী দুই সপ্তাহের মধ্যে বায়ুদূষণ বন্ধে ইতিপূর্বে দেওয়া নয় দফা নির্দেশনার বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে আদালতে এফিডেভিট আকারে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
পরবর্তী শুনানির জন্য ১৬ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
বিভি/টিটি













মন্তব্য করুন: