আলোচিত রামিসা হত্যা মামলার রায় আজ
ফাইল ছবি
মাত্র ১৯ দিনে বিচারিক আদালতে বিচার শেষ করে ধর্ষণ ও হত্যার দায়ে দুই আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেই মৃত্যুদণ্ড বহাল থাকবে কি না, এবার সেই সিদ্ধান্ত আসছে উচ্চ আদালত থেকে। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের শুনানি শেষ হয়েছে। রাষ্ট্রপক্ষ দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে আসামিপক্ষের দাবি, তাদের খালাস দেওয়া হোক। বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে আজ।
২০২৬ সালের ১৯ মে রাজধানীর পল্লবীতে আট বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিবেশী সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের বিরুদ্ধে মামলা হয়।
রামিসার মরদেহ উদ্ধারের পর পালিয়ে যান সোহেল। পরে নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে মাত্র ১৯ দিনের মাথায় ৭ জুন দুই আসামিকেই মৃত্যুদণ্ড দেন বিচারিক আদালত।
ওই মৃত্যুদণ্ড অনুমোদন এবং আসামিদের আপিলের শুনানি সম্প্রতি হাইকোর্টে শেষ হয়েছে। শুনানিতে ১৬ জন সাক্ষীর জবানবন্দি, পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ এবং সোহেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি তুলে ধরে দুই আসামির মৃত্যুদণ্ড বহাল রাখার আবেদন জানায় রাষ্ট্রপক্ষ।
রাষ্ট্রপক্ষের অভিযোগ, হত্যাকাণ্ডের পর সোহেলকে পালিয়ে যেতে সহযোগিতা করেন তার স্ত্রী স্বপ্না। এ কারণে স্বপ্নার মৃত্যুদণ্ডও বহাল রাখার পক্ষে যুক্তি দেন অ্যাটর্নি জেনারেল।
অন্যদিকে আসামিপক্ষের দাবি, এ ঘটনায় স্বপ্নার সরাসরি সম্পৃক্ততার কোনো প্রমাণ নেই। পাশাপাশি ডিএনএ পরীক্ষার ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন রাষ্ট্রনিযুক্ত আসামিপক্ষের আইনজীবী। তারা দুই আসামিরই খালাস দাবি করেন।
উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মঙ্গলবার রায়ের জন্য দিন ধার্য করেন হাইকোর্ট। আজ এ মামলার রায় ঘোষণা করা হবে।
বিভি/ওএফ/পিএইচ













মন্তব্য করুন: