মেলেনি জামিন, কারাগারে পাঠানো হলো জ্যোতিকা জ্যোতিকে
জুলাই আন্দোলনের সময় রাজধানীর ভাটারা থানার সামনে গুলিতে এনামুল হক নামে এক ব্যক্তি আহত হওয়ার ঘটনায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় কারাগারে পাঠানো হয়েছে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হকের আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের গুলশান জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মুর্শিদুল আলম জ্যোতিকা জ্যোতিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ডিবির উত্তরা বিভাগের একটি দল।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলন চলাকালে আন্দোলনকারীরা ভাটারা থানার সামনে অবস্থান নেন। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালানো হলে এনামুল হকের পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
এ ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ২৮৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা করেন এনামুল হক। মামলার এজাহারে জ্যোতিকা জ্যোতিকে ২১৬ নম্বর আসামি করা হয়েছে।
এ মামলায় অভিনেত্রী অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া ও অভিনেতা জায়েদ খানসহ মোট ১৭ জন তারকাকেও আসামি করা হয়েছে। অভিযোগে তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়া এবং আওয়ামী লীগের অর্থের জোগানদাতা হিসেবে ভূমিকা রাখার কথা উল্লেখ করা হয়েছে।
এর মধ্যে অভিনেত্রী অপু বিশ্বাস ও নুসরাত ফারিয়া এ মামলায় জামিনে রয়েছেন।
বিভি/টিটি













মন্তব্য করুন: