টানা ৭ম দফায় স্বর্ণের দামে পতন, ভরি কতো?
দেশের বাজারে টানা সপ্তমবারের মতো স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সর্বশেষ সিদ্ধান্তে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার ২৬৬ টাকা কমিয়ে ভ্যাটসহ দুই লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন এ দামের তথ্য জানিয়েছে বাজুস। সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দুই লাখ ১২ হাজার ১১০ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ দুই হাজার ৫৪৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি এক লাখ ৭৩ হাজার ৯৬৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪২ হাজার ১৮৪ টাকা।
এর আগে, বুধবার (১৮ নভেম্বর) দেশের বাজারে স্বর্ণের দাম কমায় বাজুস। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা নির্ধারণ করা হয়। বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বুধবারের সিদ্ধান্ত অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দুই হাজার ৯৯ টাকা কমিয়ে দুই লাখ পাঁচ হাজার ৬৯৫ টাকা নির্ধারণ করা হয়। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৪৬ টাকা কমিয়ে এক লাখ ৭৬ হাজার ৭১০ টাকা করা হয়।
এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে এক লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা নির্ধারণ করা হয়।
বিভি/এসজি













মন্তব্য করুন: