২৪ ঘণ্টার মধ্যে ধরা নারায়ণগঞ্জের সেই ছিনতাইকারী, পিস্তল-গুলি উদ্ধার
নারায়ণগঞ্জে পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে তার পিস্তল ছিনিয়ে নেওয়ার ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১৬ রাউন্ড গুলিসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এসব তথ্য জানান।
গ্রেফতারকৃত ব্যক্তির নাম মিশাল। তিনি শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা। তার বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা রয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আরও কোনো মামলার তথ্য যাচাই করা হচ্ছে।
পুলিশ সুপার জানান, সোমবার গভীর রাতে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ মিশালকে গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি অনুযায়ী একই এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ছিনতাই করা পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মিজানুর রহমান আরও বলেন, পুলিশের অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সদর মডেল থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার মিশালকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অন্য জড়িতদের ধরার জন্য অভিযান অব্যাহত রয়েছে। এদিকে দায়িত্বহীনতার কারণে ওই পুলিশ কর্মকর্তা লুৎফর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, সোমবার ভোর ৬টায় শহরের শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমান টহল দিচ্ছিলেন। তখন নিতাইগঞ্জ এলাকায় নগর ভবনের সামনে মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তার পথরোধ করে সরকারি পিস্তল ছিনিয়ে নেয়। পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: