সুন্দরবনে অভিযান, অস্ত্র ও গুলিসহ ‘দয়াল বাহিনী’র সদস্য আটক
সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে অস্ত্র ও গুলিসহ বনদস্যু দয়াল বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের কুখ্যাত ডাকাত দয়াল বাহিনীর এক সদস্য রসদ সরবরাহের জন্য সুন্দরবনে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টায় কোস্টগার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ান কর্তৃক দাকোপ থানাধীন শিবসা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় উক্ত এলাকা থেকে সুন্দরবনের বনদস্যু দয়াল বাহিনীর সদস্য আবদুল হালিমকে আটক করা হয়।
আটককৃত দস্যু আবদুল হালিমের দেওয়া তথ্যের ভিত্তিতে, দুপুরে দাকোপ থানাধীন টাকাতোলা খাল সংলগ্ন এলাকা থেকে ১টি একনলা বন্দুক ও ৪ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
কোস্টগার্ড জানায়, জব্দকৃত আলামত ও আটককৃত ডাকাতের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: