জঙ্গি নাটক ও দুর্নীতির অভিযোগ, সাবেক সামরিক কর্মকর্তা মামুন খালেদ গ্রেফতার
ডিজিএফআইকে রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, কথিত ‘জঙ্গি নাটক’-এর প্রবক্তা হিসেবে ভূমিকা রাখা, দুর্নীতির মাধ্যমে জলসিঁড়ি আবাসন প্রকল্প থেকে শতকোটি টাকা আত্মসাৎ এবং ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নিরাপত্তা বাহিনীর বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযোগ রয়েছে, জলসিঁড়ি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, প্রায় ১০০ বিঘা জমি দখল এবং বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে তিনি জড়িত ছিলেন। এছাড়া একটি সংবেদনশীল ঘটনায় মেজর জিয়াকে ফাঁসানোর ক্ষেত্রেও তাকে মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে।
দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতি, ভূমি দখল এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠছিল। সংশ্লিষ্ট সংস্থাগুলো এসব অভিযোগ তদন্তের পর তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, শেখ মামুন খালেদ ২০০৭-০৮ সালের সেনানিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলের শেষ দিকে ডিজিএফআইয়ের কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিআইবি) পরিচালক ছিলেন। পরে আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিএফআইয়ের মহাপরিচালক হন তিনি। ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক ছিলেন তিনি।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: