সম্পত্তির লোভে শ্যালিকাকে হত্যা, দুলাভাই গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় পাঁচ বছর বয়সী শিশু শ্যালিকাকে হত্যার ঘটনায় তার দুলাভাইকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (৫ এপ্রিল) বিকেলে উপজেলার মকরমপুর-নাদেরাবাদ এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম শরিফা খাতুন (৫)। সে আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের শহীদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় শরিফা। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে শনিবার গোমস্তাপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার নানা আব্দুল করিম।
ঘটনার পর পুলিশ তদন্তে নেমে সন্দেহভাজন হিসেবে শরিফার দুলাভাই মো. অন্তরকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ধানক্ষেত থেকে শরিফার মরদেহ উদ্ধার করা হয়।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধারণা করা হচ্ছে, শ্বশুরের সম্পত্তিতে বেশি অংশ পাওয়ার লোভে অন্তর তার শ্যালিকা শরিফাকে হত্যা করে মরদেহ ধানক্ষেতে ফেলে দেয়।
তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্ত মো. অন্তরকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অন্তরের বাড়ি উপজেলার লালপুর এলাকায়।
বিভি/পিএইচ



মন্তব্য করুন: