ফেনীর সীমান্ত থেকে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ
ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)। জব্দ করা মালামালের মধ্যে ভারতীয় শাড়ি, থ্রি-পিস ও একটি কাভার্ড ভ্যান রয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ফুলগাজী ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন ধরনের ভারতীয় শাড়ি ও থ্রি-পিসসহ একটি কাভার ভ্যান জব্দ করা হয়।
জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৫৩ লাখ ৩৫ হাজার টাকা। এসব মালামালের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি সজাগ ও তৎপর রয়েছে।
তিনি বলেন, সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বিভি/এজেড













মন্তব্য করুন: