দৌলতদিয়ায় ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আটক ১
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ৬ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে মো. হবি সরদার (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ওমেদ আলী সরদার পাড়ার বাসিন্দা এবং মৃত ওমেদ আলী সরদারের ছেলে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের সূত্রে জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর শিশুটি পাশের বাড়িতে খেলতে গিয়ে অভিযুক্ত হবি সরদারের বাড়িতে প্রবেশ করে। এ সময় কৌশলে শিশুটিকে তার ঘরের ভেতরে নিয়ে দরজা বন্ধ করে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ উঠেছে। পরে দীর্ঘ সময় শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে হবি সরদারের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে তাদের সন্দেহ হয়। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তারা ঘরের দরজা ভেঙে শিশুটিকে উদ্ধার করেন।
ঘটনার পর সামাজিক লজ্জা ও সংকোচের কারণে শিশুটির পরিবার বিষয়টি প্রকাশ না করে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। তারা একাধিক মাতব্বরের কাছে গেলেও কোনো সঠিক বিচার পাননি বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। স্থানীয়রা জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকায় প্রভাবশালী হওয়ায় বিষয়টি প্রথমদিকে চাপা রাখার প্রবণতা ছিল। পরবর্তীতে ঘটনাটি জানাজানি হলে বুধবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হবি সরদারকে আটক করে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সফিকুল ইসলাম বলেন, লোকমুখে বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে থানায় নেওয়া হয়েছে। শিশুটিকেও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: