ধর্ষণের অভিযোগে গ্রেফতার চবি শিক্ষার্থীকে কারাগারে প্রেরণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণের অভিযোগে একই বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের মো. ইকরাম ওয়াহিদ তোহা নামের এক শিক্ষার্থীকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, বুধবার (২৩ সেপ্টেম্বর) হাটহাজারী উপজেলার বাসা থেকে ওই ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাকে কারগারে প্রেরণের নির্দেশ দেন।
জানা গেছে, আসামি তোহা হাটহাজারীর ১১নং ফতেপুর ইউনিয়নের ২ নম্বর গেট সংলগ্ন এলাকার আনোয়ার ম্যানশনের একটি ফ্ল্যাটে ভাড়া থাকেন। মামলার বাদীও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে গ্রেফতার আসামি তোহার সঙ্গে বাদীর পরিচয় ও ৫ বছরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ আগস্ট ও ১৩ সেপ্টেম্বর তোহা বিয়ের প্রলোভনে তার ভাড়া বাসায় নিয়ে বাদীকে একাধিকবার ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের কথা বললে তোহা নানা টালবাহানা শুরু করেন এবং যোগাযোগ বন্ধ করে আত্মগোপনে চলে যান। পাঁচ দিন আগে ভুক্তভোগী ওই নারী হাটহাজারী মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: