মির্জা ফখরুলের গাড়িবহরে হামলায় অভিযুক্ত ছাত্রলীগ নেতা গ্রেফতার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মো. সোহেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার পোমরা গোচরা বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সোহেল হোসেন পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে পাহাড়তলী-চুয়েট বিটের পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতি রোধ করার চেষ্টা করা হয়। এ সময় মোটরসাইকেলের চালক পুলিশের সংকেত অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে রাঙ্গুনিয়া থানার আওতাধীন পোমরা গোচরা বাজার এলাকায় মোটরসাইকেলটির গতিরোধ করে সোহেল হোসেনকে গ্রেফতার করে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন জানান, ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে সোহেল হোসেন আত্মগোপনে ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় সহিংসতা, নাশকতা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওসি আরও জানান, ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনাতেও সোহেল হোসেন জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার সোহেল হোসেনের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: