অডিও ফাঁসের ঘটনায় সেই সাবেক ওসির ৭ দিনের রিমান্ড আবেদন
সামাজিক যোগাযোগমাধ্যমে রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক বক্তব্য ছড়িয়ে দেওয়ার অভিযোগে করা রাষ্ট্রদ্রোহ মামলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলিশ পরিদর্শক মো. রাকিবুল হাসানের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্ত এবং ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, তা উদঘাটনে আসামিকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অডিও ছড়িয়ে পড়ার ঘটনায় করা রাষ্ট্রদ্রোহ মামলায় রাজারবাগ পুলিশ লাইন থেকে রাকিবুল হাসানকে গ্রেফতার করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর ওই অডিও ছড়িয়ে পড়ার পর ডিএমপি কমিশনারের সই করা অফিস আদেশে রাকিবুল হাসানকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে সদরদফতর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দফতরে সংযুক্ত করা হয়।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের কথোপকথনের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে তার কথোপকথন শোনা যায় বলে অভিযোগ করা হয়েছে।
বিভি/টিটি













মন্তব্য করুন: