পলাতক আসামির সীমান্ত পার হওয়া ঠেকাতে টহল জোরদার
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে পালিয়ে যাওয়ার পর সে যাতে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশ ভারতে পালিয়ে যেতে না পারে সে জন্য সাতক্ষীরা সীমান্তে জনবল বৃদ্ধিসহ টহল তৎপরতা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারিও।
মঙ্গলবার বিকালে সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে সাংবাদিকদের এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৭ সেপ্টেম্বর-২০২৬ রাত ৮টা ৩৫ মিনিটে বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আটক আসামি পিচ্চি রাজা কোনাবাড়ী, গাজীপুর এলাকা থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। পলাতক আসামি যাতে সাতক্ষীরা ৩৩ বিজিবির দায়িত্বপূর্ণ ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকার কোনো স্থান দিয়ে সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে যেতে না পারে, সে লক্ষ্যে সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে টহল তৎপরতা জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে তিনি আরো জানান, সাতক্ষীরা সীমান্তের বিজিবির ৫৪ কিলোমিটার দিয়ে কোন অবৈধ লোকজন সীমান্ত ক্রস করতে না পারে সেজন্য টহল জোরদার করা হয়েছে। এছাড়াও বিশেষ অভিযান পরিচালনার পাশাপাশি সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে তল্লাশী পরিচালনা করা হচ্ছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: