• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাসের লকারে ২৫ লাখ টাকার ইয়াবা, গ্রেফতার ১

প্রকাশিত: ২০:১০, ২৯ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাসের লকারে ২৫ লাখ টাকার ইয়াবা, গ্রেফতার ১

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অস্থায়ী চেকপোস্টে অভিযান চালিয়ে ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ননী গোপাল বিশ্বাস (৩৫) নামে এক যাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার মোট ওজন ৪৯৭ গ্রাম। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ২০ মিনিট থেকে ৭টা ৪০ মিনিট পর্যন্ত ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর এলাকায় হানিফ ফিলিং স্টেশনের পূর্ব পাশে রংপুর-ঠাকুরগাঁও মহাসড়কে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

বিকেলে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন ঠাকুরগাঁও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তার ননী গোপাল বিশ্বাস দিনাজপুর পৌরসভার মিশন রোড এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের বাগেরহাট (মন্দিরপাড়া) এলাকায় বসবাস করছিলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঠাকুরগাঁও জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পরিচালক মো. হারুন আর রশিদের নেতৃত্বে একটি দল অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়। এ সময় ঢাকা থেকে রানীশংকৈলগামী আলম এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী কোচে তল্লাশি চালানো হয়।

তল্লাশির সময় বাসের এ-৪ নম্বর আসনে বসা ননী গোপাল বিশ্বাসকে সন্দেহ হলে তার দেহ ও মালামাল তল্লাশি করা হয়। একপর্যায়ে বাসের নিচের লকারে থাকা তার টার্কিশ ব্লু রঙের (Jeep) জীপ ব্র্যান্ডের একটি ট্রলি ব্যাগে বিশেষ চেম্বার পাওয়া যায়। ওই চেম্বারে থাকা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।

উদ্ধার করা ইয়াবার মধ্যে কমলা রঙের ৪ হাজার ৯২০ পিস এবং সবুজ রঙের ৫০ পিস মোট ৪ হাজার ৯৭০ পিস ইয়াবা ছিল।

এ ঘটনায় ননী গোপাল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে বাসের টিকিট, টোকেনের অংশ, পোশাকসহ ট্রলি ব্যাগটি জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার মধ্য থেকে রাসায়নিক পরীক্ষার জন্য দুই পিস নমুনা সংগ্রহ করা হয়েছে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুন আর রশিদ বাদী হয়ে ননী গোপাল বিশ্বাসের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় মামলা করার জন্য ঠাকুরগাঁও সদর থানায় এজাহার দাখিল করেছেন। এজাহারে মামলাটির তদন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর করবে বলে উল্লেখ করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৪ লাখ ৮৫ হাজার টাকা।

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত