ঝুটবোঝাই ট্রাকে ইয়াবার বড় চালান, ৯০ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ৩
রাজবাড়ীর গোয়ালন্দে ট্রাকে ঝুটের আড়ালে পাচারের সময় ৩০ হাজার পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা। সোমবার (১২ অক্টোবর) ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়কে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- যশোরের বেনাপোল পোর্ট থানার গয়রা গ্রামের আমিন উদ্দিনের ছেলে রমজান আলী (৩৪), দিঘীরপাড় গ্রামের মৃত কাওসার আলীর ছেলে ট্রাকচালক আরমান হোসেন ইউনুস (৩০) এবং কাগমারী গ্রামের মো. মালেক মোড়লের ছেলে ট্রাকের হেলপার আরিফ হোসেন (৩২)।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে দৌলতদিয়া বাস টার্মিনালের সামনে চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে ডিবি পুলিশ। ভোর সাড়ে ৫টার দিকে ঝুটবোঝাই একটি টাটা কার্গো ট্রাক থামানো হয়। ট্রাকের চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা পালানোর চেষ্টা করেন। এ সময় চালক, হেলপার ও ট্রাকে থাকা আরেক ব্যক্তিকে আটক করা হয়। পরে ট্রাকের ভেতরে একটি বক্সে শুয়ে থাকা রমজান আলীর মাথার নিচ থেকে ১৫০টি নীল জিপার ব্যাগে রাখা ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক থেকে দুটি স্মার্টফোন ও একটি বাটন ফোন জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় তিন কেজি। এর আনুমানিক বাজারমূল্য ৯০ লাখ টাকা।
পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা জানিয়েছেন, ইয়াবাগুলো ঢাকা থেকে সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে যশোরে নেওয়া হচ্ছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গোয়ালন্দঘাট থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশ সুপার মীর মনির হোসেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. শামসুল হক, ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফিজুল ইসলাম এবং গোয়ালন্দঘাট থানার ওসি মো. সফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: