ননস্টিক প্যান ও বাসন রাখার স্ট্যান্ডে লুকানো ছিলো সোয়া কোটি টাকার স্বর্ণ!
চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ৫৬৬ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। আবুধাবি থেকে আসা এক যাত্রীর ব্যাগেজ ও তার কাছ থেকে স্বর্ণগুলো জব্দ করেন ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস ইন্টেলিজেন্সের সদস্যরা। রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে আবুধাবি থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের বিএস-৩৫০ ফ্লাইটে চট্টগ্রামে আসেন মোহাম্মদ কামরুল ইসলাম নামের ওই যাত্রী।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা কামরুল ইসলামকে কাস্টমস হলে স্ক্যানিংয়ের সময় ডিজিএফআইয়ের সদস্যরা সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেন।
পরে বিমানবন্দরে ডিজিএফআই, এনএসআইসহ অন্যান্য গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে তার ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় ব্যাগেজে থাকা নন-স্টিক প্যান, স্টেইনলেস স্টিলের সবজি ব্লেন্ডার এবং স্টেইনলেস স্টিলের বাসন রাখার স্ট্যান্ডের ভেতরে বিশেষ কৌশলে লুকানো ৪৬৬ গ্রাম ওজনের চারটি স্বর্ণের বার পাওয়া যায়। এ ছাড়া ওই যাত্রীর কাছে থাকা ১০০ গ্রাম ওজনের একটি স্বর্ণের চুড়িও জব্দ করা হয়।
সব মিলিয়ে ৫৬৬ গ্রাম স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা বলে জানানো হয়েছে।
জব্দ করা স্বর্ণের পরিমাণ নির্ধারণের পর তা বিমানবন্দর কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে। স্বর্ণ পরিবহনের ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা দায়ের করে তাকে পতেঙ্গা থানা-পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: