• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩৩৩

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: ১৩:১৫, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
সরাইল রিজিয়নে ৯৫৭ কোটি টাকার পণ্য জব্দ, আটক ৩৩৩

সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চলতি বছরের ১৫ অক্টোবর পর্যন্ত সরাইল রিজিয়নের অধীন ১৩টি ব্যাটালিয়নের অভিযানে ৯৫৭ কোটি ১৩ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব ঘটনায় আটক হয়েছেন ৩৩৩ জন।

রবিবার (১৮ অক্টোবর) ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আয়োজিত এক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম।

বিজিবির তথ্য অনুযায়ী, অভিযানে ৩ লাখ ৪০ হাজার ৮১৫ পিস ইয়াবা, ১৪ হাজার ৯৬৭ কেজি গাঁজা, ৬৩ হাজার ৫৭৫ বোতল বিদেশি মদ, ১৬ হাজার ৮৮০ বোতল বিয়ার, ফেনসিডিল ও ইস্কাফ সিরাপ এবং ৪ লাখ ৩২ হাজার ৫১০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ছাড়া ২১০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

একই সময়ে ১১টি পিস্তল, সাতটি এয়ারগান, পাঁচটি পাইপগান, ৬২ রাউন্ড কার্তুজ, ১৯ কেজি উচ্চ বিস্ফোরক, ১১৭টি ডেটোনেটর ও ৭৭ মিটার ডেটোনেটর তার উদ্ধার করা হয়েছে। পাশাপাশি অবৈধভাবে উত্তোলন করা ১৬ হাজার ৮০০ ঘনফুট পাথর ও ৮ হাজার ২০০ ঘনফুট বালু জব্দ করা হয়।

ব্রিফিংয়ে জানানো হয়, সরাইল রিজিয়নের চারটি সেক্টরের অধীন ১৩টি ব্যাটালিয়নের ২১১টি বর্ডার আউটপোস্ট (বিওপি) প্রায় ১ হাজার ২০৪ কিলোমিটার সীমান্তে নজরদারি ও টহল কার্যক্রম পরিচালনা করছে।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফেনী ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ১৮টি পূজামণ্ডপের নিরাপত্তায় পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ জন্য পরশুরামের বক্সমাহমুদ উচ্চবিদ্যালয়ে একটি বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
লেফটেন্যান্ট কর্নেল মো. হাসিবুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তবর্তী মানুষের নিরাপত্তা ও কল্যাণেও কাজ করছে বাহিনীটি।

তিনি দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপনের জন্য সবাইকে গুজব এড়িয়ে চলার এবং সন্দেহজনক তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত