• NEWS PORTAL

  • রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

খুলনায় যুবকের পায়ে গুলি করে মোবাইল ছিনতাই

খুলনা ব্যুরো

প্রকাশিত: ০৮:০৫, ১৮ অক্টোবর ২০২৬

ফন্ট সাইজ
খুলনায় যুবকের পায়ে গুলি করে মোবাইল ছিনতাই

খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা তিন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম ঊরুতে গুলি লাগে। পরে তার কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, রবিবার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকার একটি মসজিদের সামান্য সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, ঘটনার সময় বিশাল ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম ঊরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তার বাবার নাম লুৎফর শেখ। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশ এবং অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন।

পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান আমাদের সময়কে জানান, ঘটনার কারণ উদ্‌ঘাটনে পুলিশ ও এসআরবির কয়েকটি দল কাজ করছে। তিনি বলেন, অপরাধীদের খুব শিগগিরই আইনের আওতায় আনা হবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত