চট্টগ্রামের বাঁশখালী থেকে অপহৃত ব্যবসায়ী টেকনাফে উদ্ধার, আটক ৬
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোহাম্মদ এহছানক নামক এক ব্যবসায়ীকে অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবির ঘটনায় অপহরণকারী চক্রের মূলহোতা অভিযুক্ত সাবেক সেনা ও এসআরবি সদস্য সুমন মুন্সিসহ ছয়জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) কক্সবাজারের টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্প (লেদা ক্যাম্প-২৫) থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত অন্যরা হলেন, মিজানুর রহমান, জয়নাল উদ্দিন, মো. আব্বাস উদ্দিন, মো. ছলিম ও দেলোয়ার হোসেন ।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল জানান, গত ১৭ অক্টোবর রাত সাড়ে আটটার দিকে বাঁশখালীর পুঁইছড়ির প্রেমবাজারে ব্যবসাপ্রতিষ্ঠান থেকে এহছানকে অপহরণ করা হয়। এসআরবির পোশাক পরা সাবেক সেনাসদস্য সুমন মুন্সিসহ পাঁচ-ছয়জন তাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখেন। পরে অপহরণকারীরা বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে এহছানের স্ত্রী ও দোকানের ব্যবস্থাপক মোজ্জাফফর উদ্দিনকে ফোন করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় গত ১৯ অক্টোবর বাঁশখালী থানায় মামলা করা হয়। মামলার সূত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২১ অক্টোবর) টেকনাফের আলীখালী রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে এহছানকে উদ্ধার এবং ছয়জনকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া ব্যবসায়ী এহছান বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের প্রেম বাজারের ব্যবসায়ী এবং একই এলাকার তেলিয়াকাটা গ্রামের হাজী নুরুল কবিরের মেঝো ছেলে। তিনি দীর্ঘ ১২ বছর দক্ষিণ আফ্রিকার মোজাম্বিকে ব্যবসা করার পর দেশে ফিরে স্থানীয়ভাবে চারটি ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
বিভি/এসজি













মন্তব্য করুন: