বিয়ে করে ঋণগ্রস্ত, সেই টাকা শোধে ব্যাংক লুটের চেষ্টা; অতঃপর...
বিয়ে করে প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন কাওসার আহমেদ নামে এক যুবক। সেই ঋণ পরিশোধের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখায় চুরির পরিকল্পনা করেন তিনি। গভীর রাতে ব্যাংকের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে জিম্মি করে ভল্টের তালা ভাঙার চেষ্টা করার সময় তাকে আটক করা হয়।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোররাত সাড়ে ৩টার দিকে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সোহাগী বাজারে কৃষি ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।
আটক কাওসার পেশায় একজন বৈদ্যুতিক মিস্ত্রি। তিনি উপজেলার সোহাগী ইউনিয়নের বৃ-কাঁঠালিয়া গ্রামের কৃষক রতন মিয়ার ছেলে।
পুলিশ ও ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, কয়েক মাস আগে বিয়ে করে সংসার শুরু করেন কাওসার। এরপর প্রায় দুই লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন তিনি। সেই টাকা জোগাড় করতে বৃহস্পতিবার ভোররাতে ব্যাংকের বাইরের শাটার ও ভেতরের গ্রিলের তালা কেটে প্রবেশ করেন তিনি।
এ সময় ব্যাংকে দায়িত্ব পালন করছিলেন নৈশপ্রহরী মাজহারুল ইসলাম। তাকে দেখতে পেয়ে ছুরি দেখিয়ে জিম্মি করেন কাওসার। পরে তাকে রশি দিয়ে বেঁধে রেখে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন।
ব্যাংকের নিরাপত্তাকর্মী মাজহারুল ইসলাম বলেন, ‘গেটের তালা ভেঙে এক যুবক ব্যাংকের ভেতরে ঢুকে ডাকাডাকি শুরু করে। আমি তখন ঘুমিয়ে ছিলাম। সে টাকা কোথায় রাখা হয়েছে, তা জানতে চায়। তার হাতে ছুরি ছিল। টাকা কোথায় রাখা হয়, তা না জানালে ছুরি দিয়ে আঘাত করার ভয় দেখিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে রাখা হয়। এরপর সে ভল্টের তালা ভাঙার চেষ্টা করে।’
তিনি আরও জানান, হাত-পায়ের বাঁধন কিছুটা ঢিলেঢালা থাকায় নিজেকে মুক্ত করতে সক্ষম হন তিনি। পরে নিচে নেমে চিৎকার শুরু করলে বাজারের পাহারাদার, টহল পুলিশ ও স্থানীয় লোকজন ছুটে আসেন। পরে তারা কাওসারকে আটক করেন।
ব্যাংকটির ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, ওই যুবক ব্যাংকের গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে নিরাপত্তাকর্মীকে বেঁধে ফেলেন। পরে ভল্টের তালা ভাঙার চেষ্টা করেন। তবে নিরাপত্তাকর্মীর বুদ্ধিমত্তায় তাকে আটক করা সম্ভব হয়েছে। এ ঘটনায় ব্যাংকের কোনো টাকা খোয়া যায়নি এবং ভল্টেরও ক্ষতি হয়নি।
কাওসার কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়েছিলেন বলে যে দাবি করেছেন, তা নাকচ করে ব্যবস্থাপক জানান, ওই যুবক কখনো ঋণের জন্য ব্যাংকে আসেননি।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন, আটক কাওসার পুলিশকে জানিয়েছেন, কয়েক মাস আগে বিয়ের সময় তিনি প্রায় দুই লাখ টাকা ঋণ করেছিলেন। কৃষি ব্যাংকে ঋণ নিতে গিয়ে তা না পেয়ে চুরির পরিকল্পনা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
ওসি আরও জানান, এ ঘটনায় ব্যাংকের কর্মকর্তা মো. নাজমুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কি না, তা জানতে কাওসারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শুক্রবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
বিভি/টিটি













মন্তব্য করুন: