স্ত্রীকে হত্যা করে পালিয়েও রেহাই মিললো না স্বামীর!
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে স্ত্রীকে গলা কেটে হত্যার মামলায় অভিযুক্ত স্বামী মো. আহসান উল্লাহকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে নারায়ণগঞ্জের গাউছিয়ার আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজগর আলী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৮ অক্টোবর দক্ষিণ কেরানীগঞ্জের নাজিরেরবাগ ঢাল এলাকায় নিজেদের বসতবাড়ির একটি কক্ষে স্ত্রী শাহনাজ আক্তারকে (৩৩) ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করেন বলে আহসান উল্লাহর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। পরে মরদেহ বাড়িতে রেখে তিনি পালিয়ে যান।
এ ঘটনায় ৯ অক্টোবর নিহত শাহনাজ আক্তারের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে আহসান উল্লাহর বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আহসান উল্লাহর অবস্থান শনাক্ত করা হয়। পরে নারায়ণগঞ্জের গাউছিয়ার আমবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নিহত শাহনাজ আক্তারের বাবার নাম আলতাফ হোসেন। তার বাড়ি বরিশালের মেহেন্দীগঞ্জ থানার দক্ষিণ জাদুয়া গ্রামে। অন্যদিকে, গ্রেপ্তার আহসান উল্লাহর বাবার নাম মো. শাহজাহান। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া পশ্চিমপাড়া নাজিরেরবাগ ঢাল এলাকায়।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: