খুলনায় চোরাই চার মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ২
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ অক্টোবর রাত ৩টা ৪৫ মিনিটে খালিশপুর থানায় দায়ের করা একটি চুরি মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্নাকে (২৬) বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর এলাকার বাসিন্দা। বর্তমানে তিনি বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকায় বসবাস করতেন। পরে আকবর হোসেন মুন্নার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানা এলাকার নিজ বাসা থেকে রাব্বি (২০) নামের আরেক আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার দুই আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চলের (৩০) বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় আকবর হোসেন মুন্নার দেখানো ও শনাক্তকরণের ভিত্তিতে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর মধ্যে রয়েছে একটি বাজাজ পালসার ১৫০ সিসি, একটি নীল রঙের সুজুকি জিক্সার, একটি লাল রঙের হোন্ডা লিভো এবং একটি নীল রঙের ইয়ামাহা এফজেড ভার্সন ফোর।
পুলিশ জানায়, গ্রেফতার আকবর হোসেন মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলোর বিষয়ে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
খালিশপুর থানায় এ ঘটনায় করা মামলাটি ২৪ অক্টোবর ২০২৬ তারিখে দণ্ডবিধির ৩৭৯ ধারায় নথিভুক্ত হয়। মামলাটি ২১ নম্বর মামলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: