তরুণীকে ধর্ষণের অভিযোগে এসআই প্রত্যাহার
বগুড়ার শিবগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে পুলিশের এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত এসআই আনছার আলীকে প্রত্যাহার করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
আনছার আলী শিবগঞ্জ উপজেলার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। গত সোমবার (২৬ অক্টোবর) রাতে তিনি কর্মস্থল ছেড়ে পুলিশ লাইনসে যোগ দেন বলে জানিয়েছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস আলী।
অভিযোগটি তদন্ত করছেন শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম। তিনি জানান, গত শনিবার (২৪ অক্টোবর) অভিযোগকারী তরুণীর জবানবন্দি নেওয়া হয়েছে। অভিযুক্ত এসআইয়ের সঙ্গে বিভিন্ন সময়ে হওয়া কথোপকথনের স্ক্রিনশট ও কিছু ভিডিও তদন্তের স্বার্থে জমা দিতে চেয়েছেন ওই তরুণী। প্রাথমিক তদন্তে তার মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রে একাধিকবার যাতায়াতের তথ্য পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের নভেম্বরে ওই তরুণীর স্বামীর বিরুদ্ধে করা একটি অভিযোগ তদন্ত করতে তার বাড়িতে যান এসআই আনছার আলী। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করেছেন ওই তরুণী।
তরুণীর অভিযোগ, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন আনছার আলী। পরে বিয়ের জন্য চাপ দিলে তিনি ওই তরুণীর সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন।
এ ঘটনায় গত ৮ অক্টোবর বগুড়ার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেন তরুণী। এর পরিপ্রেক্ষিতে তদন্ত শুরু হয়। তদন্ত চলাকালে গত সোমবার রাতে অভিযুক্ত এসআইকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে।
তবে অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
বিভি/টিটি













মন্তব্য করুন: