রমনায় ককটেল বিস্ফোরণের ঘটনায় ককটেলসহ গ্রেফতার ২
রাজধানীর মগবাজার এলাকা থেকে চারটি অবিস্ফোরিত তাজা ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানা-পুলিশ। গত সপ্তাহে রমনা এলাকায় ককটেল বিস্ফোরণের একটি ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সোয়া ৭টার দিকে হাতিরঝিল থানাধীন মগবাজারের নয়াটোলা চেয়ারম্যান গলি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, জাহিদুল ইসলাম অনিক (২১) ও শিহাব হোসেন অমি (১৯)। এ সময় তাদের হেফাজত থেকে চারটি ককটেল জব্দ করা হয়। পরে জননিরাপত্তার স্বার্থে ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
রমনা মডেল থানা সূত্রে জানা যায়, গত শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে রমনা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশের সড়কে দুটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। ওই ঘটনার প্রেক্ষিতে রমনা মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করে এবং আসামিদের অবস্থান শনাক্ত করে এই সফল অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
বিভি/এসজি













মন্তব্য করুন: