তাহসিফ হত্যায় নতুন রহস্য, মৃত্যুর রাতে এক তরুণীর সঙ্গে দেড় ঘণ্টা ছিলেন উত্তরার বারে
দেশজুড়ে তোলপাড় সৃষ্টি করা বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় সামনে এসেছে নতুন সিসিটিভি ফুটেজ। জানা গেছে, মৃত্যুর রাতে এক তরুণীকে নিয়ে প্রায় দেড় ঘণ্টা উত্তরার একটি রেস্টুরেন্ট অ্যান্ড বারে ছিলেন তাহসিফ।এ ঘটনার একটি সিসিটিভির ফুটেজ ভাইরাল হয়েছে।
শনিবার ছড়িয়ে পড়া ওই ভিডিওতে ওই তরুণী ছাড়াও জুনিয়র বন্ধু এবং এলাকার ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপকেও তাহসিফের সঙ্গে দেখা গেছে। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা ওই তরুণীকে তার বান্ধবী হিসেবে উল্লেখ করেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ২৭ অক্টোবর রাত ১০টা ১৭ মিনিটে তাহসিফ ও তার বান্ধবী উত্তরার ১১ নম্বর সেক্টরের নেস্ট রেস্টুরেন্ট অ্যান্ড বারে যান। তারা একটি মোটরসাইকেলে সেখানে পৌঁছান। কিছুক্ষণ পর আরেকটি মোটরসাইকেলে সেখানে আসেন দীপ।
মোটরসাইকেল পার্ক করে তিনজনই রেস্টুরেন্টে প্রবেশ করেন। অন্য একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, তাহসিফ ও তার বান্ধবী লিফটে উঠছেন। এ সময় তারা দীপের জন্য অপেক্ষা করছিলেন। পরে হেলমেট পরা অবস্থায় দীপ সেখানে পৌঁছালে তিনজন একসঙ্গে বারের লিফটে ওঠেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, রেস্টুরেন্ট অ্যান্ড বারে তারা প্রায় দেড় ঘণ্টা অবস্থান করেন। পরে তিনজন আবার মোটরসাইকেলে করে সেখান থেকে বেরিয়ে যান। পরে তাহসিফ তার বান্ধবীকে বাসায় নামিয়ে দেন। এরপর তাহসিফ ও দীপ যান টঙ্গীর মাজার বস্তি এলাকায়।
তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনা তদন্তে ওই রাতের চলাচল এবং বিভিন্ন স্থানে তার অবস্থানের তথ্য সংগ্রহ করছেন তদন্তকারীরা। তবে সিসিটিভি ফুটেজে পাওয়া এসব তথ্যের বিষয়ে তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।
এদিকে তাহসিফের মৃত্যুর ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার আহমেদ শাহরিয়ার রেজা দীপকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। শনিবার (৩১ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াসের আদালত এ আদেশ দেন।
এর আগে ২৮ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে তুরাগ নদে মরদেহ ভাসতে থাকার খবর পেয়ে টঙ্গী পুলিশ ফাঁড়ির সদস্যরা রাজাবাড়ী ঘাট এলাকা থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন। হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।
পরদিন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় জামে মসজিদে জানাজা শেষে ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাহসিফের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাতে দীপকে মোহাম্মদপুরের বাবর রোডের একটি বাসা থেকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শুক্রবার তাকে নিয়ে টঙ্গীর তুরাগ নদ সংলগ্ন মাজার বস্তি এলাকায় যায় পিবিআই।
এরপর দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি কালো রঙের সুজুকি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বিভি/এজেড













মন্তব্য করুন: