ইট দিয়ে নাক-মুখ থেঁতলে ৬ বছরের শিশু ধর্ষণ, অভিযুক্ত পলাতক
টাঙ্গাইলে শহরে সাড়ে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে বিপ্লব নামে এক যুবকের বিরুদ্ধে। এ ছাড়া ধর্ষণে বাধা দেওয়ায় শিশুটির মুখ ও নাক ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডের বেডে যন্ত্রণায় কাতরাচ্ছে।
শিশুটির মা জানান, তিনি শহরের ক্যাপসুল মার্কেট এলাকায় পার্লারে কাজ করেন। বিপ্লব নামের এক যুবক পার্লারে যাওয়া-আসা করতেন। শুক্রবার বিকেলে মেয়েটি মায়ের কাছ থেকে নিচে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে পাওয়া যায়নি। একপর্যায়ে বিপ্লব তার কাছে তিনটি চিপস নিয়ে যান। মেয়ের কথা জানতে চাইলে তিনি নানা টালবাহানা শুরু করেন। পরে হাসপাতাল থেকে জানতে পারেন, এক রিকশাচালক মেয়েকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। পরে শিশুটির মা জানতে পারেন, বিপ্লব তাকে কেন্দ্রীয় কালীবাড়ির চতুর্থ তলায় নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন। এ সময় কান্নাকাটি করায় তার মুখ ও নাক থেঁতলে দিয়েছেন। বিপ্লবকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন শিশুটির মা ও স্থানীয়রা।
টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক আল আমিন সিদ্দিকী বলেন, প্রাথমিকভাবে মেডিকেল টিমের সদস্যরা যে আলামত পেয়েছেন, তাতে শিশুটির ওপর যৌন নির্যাতনের প্রমাণ মিলেছে। এ ছাড়া তার নাক ও ঠোঁটে গুরুতর আঘাত রয়েছে। ঠোঁটে একাধিক সেলাই দিতে হয়েছে।
টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার বলেন, বিষয়টি জানার পর অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মেডিকেল প্রতিবেদন হাতে পাওয়ার পর আরও বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: