আগ্রাবাদে পরিত্যক্ত সরকারি বাসা দখল করে ভাড়া আদায়, দুদকের অভিযান
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে পরিত্যক্ত ঘোষিত ৫৪টি সরকারি বাসা অবৈধভাবে দখলে রেখে ভাড়া আদায়ের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসব বাসায় অবৈধভাবে বসবাস, ভাড়া দিয়ে অর্থ আদায় এবং সরকারি সুযোগ-সুবিধা ব্যবহারের অভিযোগ খতিয়ে দেখছে সংস্থাটি।
সোমবার (২ নভেম্বর) দুপুরে নগরীর সিজিএস কলোনিতে দুদকের সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
সায়েদ আলম জানান, কলোনির ৫৪টি বাসা অনেক আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছিল। এরপরও কিছু অসাধু ব্যক্তি এসব বাসা অবৈধভাবে দখলে রেখে ভাড়া দিচ্ছেন এবং প্রতি মাসে অর্থ আদায় করছেন বলে অভিযোগ রয়েছে। অভিযানে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, অবৈধভাবে বসবাসকারীরা এসব বাসায় বিদ্যুৎ, পানি ও অন্যান্য সরকারি সুযোগ-সুবিধাও ভোগ করছেন। স্থানীয়দের দাবি, সরকারি বাসাগুলোতে বসবাসকারীদের অধিকাংশই প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় রয়েছেন।
এসব বাসা অবৈধভাবে দখল ও ভাড়া দেওয়ার ঘটনায় কোনো সরকারি কর্মকর্তা কিংবা অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে দুদক।
বিভি/পিএইচ













মন্তব্য করুন: