ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, পুলিশ কনস্টেবলসহ আটক ২
সাতক্ষীরার তালায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীকে দোকান থেকে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় এক পুলিশ কনস্টেবলসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি হ্যান্ডকাপ, পুলিশের দুটি ভেস্ট, একটি মোটরসাইকেল ও নগদ এক লাখ ৭১ হাজার ৪৫০ টাকা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রবিবার (১৫ নভেম্বর) দুপুরে তাদের খুলনা জেলার ডুমুরিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, যশোর কোতোয়ালি থানার বারান্দীপাড়া এলাকার জুলহাস উদ্দিনের ছেলে পুলিশ কনস্টেবল সোহেল আহম্মেদ। তিনি বাগেরহাট জেলার একটি ক্যাম্পে কনস্টেবল হিসাবে কর্মরত ছিলেন। অপরজন হলেন, তালা উপজেলার তেঁতুলিয়া গ্রামের সৈয়দ মৈনুলের ছেলে মতিউর হোসেন মোরসালিন।
এদিকে, অপহরণের শিকার ব্যবসায়ী কাশেম সরদার তালা উপজেলার সুকদেবপুর গ্রামের রাজ্জাক সরদারের ছেলে। তেঁতুলিয়া বাজারে তার সাইকেল ও ভ্যানের যন্ত্রাংশের দোকান রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার ১৫ নভেম্বর সকালে কাশেম সরদার নিজের দোকানে কাজ করছিলেন। এ সময় দুই ব্যক্তি এসে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে কাশেম সরদারকে হ্যান্ডকাপ পরিয়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যান। পরে তার স্ত্রীর নিকট মোবাইল ফোনে সাত লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। স্বামীর আকস্মিক অপহরণের ঘটনায় তিনি মানসিকভাবে ভেঙে না পড়ে দ্রুত তালা থানায় উপস্থিত হয়ে পুরো বিষয়টি জানিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যবসায়ীকে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়ার পর পরই তালা থানা ও ডুমুরিয়া থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন। এরপর অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে ডুমুরিয়া থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে কাশেম সরদার নিজেই বাদী হয়ে অপহরণ ও মুক্তিপণ দাবির অভিযোগে এনে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ মামলায় আসামীদের আজ সোমবার আদালেতর মাধ্যেমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বিভি/এআই













মন্তব্য করুন: