• NEWS PORTAL

  • সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: ২০:০৬, ১৬ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর

সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার কেরানীগঞ্জের বিশেষ কারাগারে স্থানান্তর করা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার দিকে তাকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জে নেওয়া হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রাম কারাগার থেকে কেরানীগঞ্জের বিশেষ কারাগারে নেওয়া হয়েছে। ভোরে রওনা হয়ে তিনি নিরাপদে কেরানীগঞ্জে পৌঁছেছেন। রুটিন স্থানান্তরের অংশ হিসেবে তাকে নেওয়া হয়েছে বলে জানান তিনি।

২০২৪ সালের ৩১ অক্টোবর জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানায় রাষ্ট্রদ্রোহের মামলা করেন ফিরোজ খান নামের এক ব্যক্তি। ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকায় তাকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিনকে কেন্দ্র করে ভাংচুর ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে চিন্ময়ের অনুসারীরা। 

এ ঘটনায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ৩৯ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে মোট ৬টি ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে আইনজীবী আলিফ হত্যা মামলার বিচার চলছে দ্রুত বিচার ট্রাইব্যুনালে। অন্যদিকে রাষ্ট্রদ্রোহের মামলায় তার জামিন স্থগিত রয়েছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত