সীমান্ত থেকে কোটি টাকার ভারতীয় ফোন ও পাথরবোঝাই ট্রাক জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ৩৬টি ভারতীয় চোরাই মোবাইল ফোন, ৪০ টন পাথরবোঝাই একটি ভারতীয় ট্রাকসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মালামালের সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা। রবিবার (১৫ নভেম্বর) রাত ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মধ্যবাজার এলাকায় এ অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপুর নেতৃত্বে সোনামসজিদ বিওপির একটি টহল দল সীমান্ত পিলার ১৮৫/১৩-এস থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে অভিযান পরিচালনা করে। এ সময় একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে পাথরের মধ্যে বিশেষভাবে লুকিয়ে রাখা ৩৬টি ভারতীয় ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ ঘটনায় ট্রাকের চালক জসিম শেখ (২৭)কে আটক করা হয়। তিনি ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার কালিয়াচক থানার মিল্লিক সুলতানপুর গ্রামের জমিন সেখের ছেলে। এ সময় ৪০ টন পাথরসহ ভারতীয় নম্বরপ্লেটযুক্ত ট্রাকটি (ডব্লিউবি-৭৩-জি-৪০০১) জব্দ করে বিজিবি।
বিজিবির হিসাব অনুযায়ী, উদ্ধার করা মোবাইল ফোন, পাথর ও ট্রাকের মোট সিজার মূল্য ১ কোটি ৪ লাখ ৪৩ হাজার টাকা।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে সুরক্ষিত রাখতে বিজিবি নিরলসভাবে কাজ করছে। সীমান্তে চোরাচালানসহ সব ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দ করা মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
বিভি/চাঁপাইনবাবগঞ্জ/পিএইচ













মন্তব্য করুন: