• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

খুলনার ইজিবাইক চালক রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেফতার

খুলনা ব্যুরো

প্রকাশিত: ০৯:০৯, ১৭ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
খুলনার ইজিবাইক চালক রনি হত্যা মামলার আসামি সিরাজগঞ্জে গ্রেফতার

খুলনার দৌলতপুরে ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনিকে অস্ত্রের মুখে অপহরণের পর হত্যার চাঞ্চল্যকর মামলায় আরমান বাহিনীর সক্রিয় সদস্য হোসেন ঢালীকে (৫০) গ্রেফতার করেছে এসআরবি-৬ ও এসআরবি-১২-এর যৌথ আভিযানিক দল। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া থানার বাঁখুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হোসেন ঢালী খুলনার আড়ংঘাটা থানার তেলিগাতী এলাকার তরিকুল ঢালীর ছেলে। রনি হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ইজিবাইক চালক মনিরুল ইসলাম রনি গত ২৩ আগস্ট নিজ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। পরে পরিবারের সদস্যরা জানতে পারেন, দৌলতপুর থানার মহেশ্বরপাশা খুটির ব্রিজসংলগ্ন পাকা সড়ক থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা অস্ত্রের মুখে জোরপূর্বক তাকে তুলে নিয়ে গেছে।

এর তিন দিন পর, ২৬ আগস্ট মহেশ্বরপাশা কার্তিককূল এলাকার একটি বিল থেকে রনির ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় নিহতের মা নাছিমা বেগম বাদী হয়ে দৌলতপুর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

এসআরবি সূত্রে জানা গেছে, গ্রেফতার হোসেন ঢালীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সিরাজগঞ্জের সলঙ্গা থানায় হস্তান্তর করা হবে।

বিভি/খুলনা/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত