সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর; রয়েছে অর্থপাচার ও হত্যার একাধিক মামলা
মোহাম্মদ সাঈদ খোকন। ফাইল ছবি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি সূত্র জানায়, বাহিনীটির এসআরবি-১-এর একটি দল বারিধারার ৯ নম্বর রোডের ১৩ নম্বর বাসা থেকে সাঈদ খোকনকে গ্রেফতার করে।
এসআরবির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, গ্রেফতারের পর সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সাঈদ খোকনের বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা ও অনুসন্ধান চলছে। ২০২৫ সালের ১৩ নভেম্বর তার বিরুদ্ধে, তার বোন শাহানা হানিফ এবং এক কর্মচারীসহ মোট তিনজনের বিরুদ্ধে ৫৪ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে মামলা করার অনুমোদন দেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মেয়র ও সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগেও তার বিরুদ্ধে অনুসন্ধান ও মামলা হয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত হত্যা ও সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় দায়ের করা একাধিক মামলায়ও তাকে আসামি করা হয়েছে।
দুর্নীতির অভিযোগের তদন্তের অংশ হিসেবে ২০২৪ সালের ২৩ ডিসেম্বর আদালত সাঈদ খোকন ও তার পরিবারের কয়েকজন সদস্যের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। পরে ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারি তার ও পরিবারের সদস্যদের নামে থাকা ৭৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দেন আদালত।
একই বছরের ২৬ ফেব্রুয়ারি দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সাঈদ খোকন, তার স্ত্রী ফারহানা সাঈদ ও মা শাহানা হানিফের নামে থাকা তিনটি পারপিচ্যুয়াল বন্ডে বিনিয়োগ করা ৯০ কোটি টাকা অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। ওই আদেশে গুলশানের ১৪ তলা একটি ভবন, বনানীর দুটি বাড়ি এবং বারিধারার জমি ও বাড়ি জব্দের নির্দেশও দেওয়া হয়।
এ ছাড়া সাঈদ খোকন ও তার পরিবারের বিরুদ্ধে প্রায় ২৯৭ কোটি টাকা কর ফাঁকির অভিযোগ রয়েছে। এর মধ্যে সাঈদ খোকনের বিরুদ্ধে এককভাবে ৯৪ কোটি ২০ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ আনা হয়েছে।
বিভি/এজেড













মন্তব্য করুন: