মোহাম্মদপুরে এবার পুলিশ সুপারের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের পর এবার ঢাকা জেলা পুলিশ সুপারের বাসভবনের প্রধান ফটকের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১০টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। বিস্ফোরণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।
এর আগে রাত সাড়ে ৮টার দিকে মোহাম্মদপুর থানার কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, অজ্ঞাতপরিচয় দুই মোটরসাইকেল আরোহী কৃষি মার্কেটের প্রধান ফটকের সামনে একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের অবশিষ্টাংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিভি/টিটি













মন্তব্য করুন: