• NEWS PORTAL

  • বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১:৪৫, ২৫ নভেম্বর ২০২৬

ফন্ট সাইজ
পিরোজপুরে বিএনপির অফিস ভাঙচুরের মামলায় আসামি ৮৫৫

পিরোজপুরের নাজিরপুরে বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় ৮৫৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে। মামলায় ১৫৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেছেন মাটিভাঙ্গা ইউনিয়ন বিএনপির সাবেক মুক্তিযোদ্ধাবিষয়ক সম্পাদক মো. এনামুল হক লিটন। রবিবার (১৫ নভেম্বর) সংঘটিত ওই ঘটনার পর নাজিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন খান (৬০), সাবেক মন্ত্রী রেজাউল করিমের ছোট ভাই ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম নুরে আলম সিদ্দিকী শাহীন, মন্ত্রীর মেজ ভাই ও উপজেলা কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, শাঁখারীকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালিদ হোসেন সজল, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বেলায়েত হোসেন বুলু এবং দেউলবাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ালিউল্লাহ।

এ ছাড়া রয়েছেন মালিখালী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা সুমন মন্ডল মিঠু, আওয়ামী লীগ নেতা টিপু সুলতান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগ নেতা দীপ্তিষ হালদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নির্ঝন কান্তি বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তানভীর হাসান ডালিম, সাবেক সাংগঠনিক সম্পাদক এনামুল বেপারী ও জাকির খান এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামিন শেখসহ ১৫৫ জন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, গত ১৫ নভেম্বর রবিবার দুপুর আনুমানিক আড়াইটার দিকে নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঝনঝনিয়া টাওয়ার মোড় এলাকায় অবস্থিত মালিখালী ইউনিয়ন বিএনপির কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।

অভিযোগে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মী এবং সমর্থকদের একাংশ আগ্নেয়াস্ত্র, পেট্রোল বোমা, ককটেল, রামদা, বঁটিদা, লোহার রড, হাতুড়ি ও লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এ সময় গুলিবর্ষণ ও বোমাবাজির মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, মালিখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে বিএনপি কার্যালয়সহ একাধিক দোকানে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি ২২ নভেম্বর নথিভুক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিভি/পিরোজপুর/পিএইচ

মন্তব্য করুন: