• NEWS PORTAL

  • শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

এলপি গ্যাসের দাম নিয়ে যে সুখবর দিলো সরকার 

প্রকাশিত: ১০:৪৬, ৬ ফেব্রুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এলপি গ্যাসের দাম নিয়ে যে সুখবর দিলো সরকার 

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ওপর করের চাপ কমাতে স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং ২ শতাংশ অগ্রিম কর প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। এর ফলে এখন থেকে কেবল আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান। এর আগে সকালে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে শফিকুল আলম বলেন, এই সিদ্ধান্তের ফলে দেশীয় বাজারে গ্যাস সরবরাহের ক্ষেত্রে বিপণন খরচ কমবে বলে আশা করা হচ্ছে। এর ইতিবাচক প্রভাব ভোক্তা পর্যায়েও পড়তে পারে বলে তিনি উল্লেখ করেন।

দেশে প্রাকৃতিক গ্যাস সংযোগ সীমিত হওয়ায় বর্তমানে ৪০ শতাংশের বেশি পরিবার রান্নার জন্য এলপি গ্যাসের ওপর নির্ভরশীল। বিশেষ করে গ্রাম ও মফস্বল এলাকায় এলপিজিই এখন প্রধান জ্বালানি। তবে সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি, ডলার সংকট এবং উচ্চ কর কাঠামোর কারণে দেশের বাজারে এলপিজির দাম কয়েক দফায় বেড়েছে। এমনকি বাজারে সংকট তৈরি হওয়ায় ১২৫০ টাকার সিলিন্ডার ২৫০০ টাকা পর্যন্ত বিক্রি হওয়ার নজিরও দেখা গেছে।

এলপিজি আমদানিকারক ও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই কর কাঠামো যৌক্তিক করার দাবি জানিয়ে আসছিলেন। তাদের মতে, স্থানীয় পর্যায়ে একাধিক স্তরে ভ্যাট ও আগাম করের কারণে কার্যকর করভার অনেক বেড়ে যাচ্ছিল, যা শেষ পর্যন্ত সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি করছিল।

সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (লোয়াব) প্রেসিডেন্ট আমিরুল হক। তিনি বলেন, 'স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ভ্যাট ও আগাম কর অব্যাহতি দেওয়ায় আমদানি ও বিতরণ ব্যয় কমবে বলে আমরা আশা করছি। এর ফলে কোম্পানিগুলোর পরিচালন ব্যয় কমলে তা ধাপে ধাপে খুচরা বাজারেও প্রতিফলিত হবে।'

বিভি/এসজি

মন্তব্য করুন: