হরমুজ প্রণালি বন্ধ: তেলের দামে আবারও বড় লাফ, বাজার নিয়ে নতুন শঙ্কা
ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এবং গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ হয়ে যেতে পারে—এমন শঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম হঠাৎ বেড়ে গেছে।
আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে বিবেচিত ব্রেন্ট ক্রুড-এর দাম মঙ্গলবার ৮ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.১২ ডলারে পৌঁছেছে, যা জুলাই ২০২৪-এর পর সর্বোচ্চ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ডব্লিউটিআই ৭ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ৭৬.৪৭ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক জ্বালানি বাজারে আরও বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালি দিয়ে বিশ্বে উল্লেখযোগ্য পরিমাণ তেল পরিবাহিত হয়, ফলে সেখানে কোনো বিঘ্ন ঘটলে সরবরাহে বড় প্রভাব পড়বে।
এদিকে সমঝোতার প্রস্তাব প্রত্যাখ্যান করে লড়াই চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার উদ্যোগ ব্যর্থ হওয়ার পর এখন তারা পুরোপুরি ‘প্রতিরক্ষা কৌশলে’ মনোযোগ দিচ্ছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, যারা কূটনীতির পথে চলার দাবি জানিয়েছিল কিন্তু ‘ইরানের যুক্তির সামনে নত হয়ে সামরিক পথ গ্রহণ করেছে’, তাদের ওপর ‘চিরস্থায়ী লজ্জা’ নেমে আসবে।
আঞ্চলিক দেশগুলোর জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তেহরান নিজেকে ‘মানবিক নীতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ’ বলে মনে করে। তিনি আরব দেশগুলোর উদ্দেশে সতর্কবার্তা দিয়ে দাবি করেন, ইসরাইল যুদ্ধের পরিধি বাড়াতে এবং ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিতে পারে।
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতি ইঙ্গিত করে বাঘাই বলেন, বর্তমানে ‘অশুভ শক্তির বিরুদ্ধে’ একমাত্র অবস্থান নিয়েছে ইরান।
বিভি/টিটি



মন্তব্য করুন: