• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনলো সিআইডি

প্রকাশিত: ২০:১১, ৩০ মার্চ ২০২৬

ফন্ট সাইজ
বিদেশে পাচার হওয়া টাকা ফিরিয়ে আনলো সিআইডি

ছবি: সিআইডির ব্রিফিং

ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে পরিচালিত প্রতারণামূলক অনলাইন প্ল্যাটফর্ম এমটিএফই–এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি বড় অংশ উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উদ্ধারকৃত অর্থের পরিমাণ প্রায় ৩ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকার বেশি।

সোমবার (৩০ মার্চ) রাজধানীর মালিবাগে সিআইডির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিআইডির সাইবার পুলিশ সেন্টারের ডিআইজি মো. আবুল বাশার তালুকদার।

সিআইডি জানায়, এমটিএফই ২০২২ সালের জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে। ফেসবুক ও ইউটিউবে বিজ্ঞাপন দিয়ে দ্রুত লাভের প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করা হয়। ভার্চুয়াল অ্যাকাউন্টে লাভ দেখালেও বাস্তবে লেনদেন ছিল সম্পূর্ণ ভুয়া। শুরুতে কিছু টাকা ফেরত দিয়ে আস্থা অর্জনের পর চক্রটি ২০২৩ সালের মাঝামাঝি হঠাৎ কার্যক্রম বন্ধ করে দেয় এবং বিনিয়োগকারীদের অর্থ ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে বিদেশে পাচার করে।

তদন্তে দেখা যায়, পাচারকৃত অর্থের একটি অংশ আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ ওকেএক্স-এ ইউএসডিটি হিসেবে সংরক্ষিত ছিল। ব্লকচেইন বিশ্লেষণের মাধ্যমে অর্থের উৎস নিশ্চিত হওয়ার পর ওকেএক্স কর্তৃপক্ষ আইনগত প্রক্রিয়ায় অর্থ ফেরতে সম্মত হয়। আদালতের অনুমোদন নিয়ে সোনালী ব্যাংকে সিআইডির সরকারি হিসাবে অর্থ জমা করা হয়।

সিআইডি জানিয়েছে, ভুক্তভোগীদের শনাক্ত করে আদালতের নির্দেশনা অনুযায়ী অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পাচার হওয়া বাকি অর্থ উদ্ধারে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত