বড় ধাক্কা খেলো ভারত, ডলারের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন দরপতন রুপির
সপ্তাহের শুরুতেই ভারতের অর্থনীতিতে অশনি সঙ্কেত। দিনের শুরুতে রুপির দর কিছুটা বৃদ্ধি দেখলেও, বেলা বাড়তেই আবার ব্যাপক দরপতন। সোমবার বিকালেই ডলারের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন দরপতন হয়েছে রুপির। সর্বকালের সর্বনিম্ন দরও ছুঁয়ে ফেলেছে।
দিনের সর্বোচ্চ দর থেকে রুপির দর এদিন ২.৩৩ টাকা কমেছে। রুপির দর পতনের পর শেয়ার বাজারেও ধস নেমেছে। মুদ্রা বাজার বিশেষজ্ঞদের অনুমান, আগামী দিনগুলিতে রুপির আরও দরপতন হতে পারে। আর প্রথমবার ডলারের তুলনায় রুপির দর ৯৫ টাকা অতিক্রম করল
সোমবার বিকালে ডলারের তুলনায় রুপির ব্যাপক দরপতন হয়েছে এবং প্রথমবার রুপি তার সর্বকালের সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। সোমবার বিকেল ৩টা ২০ মিনিট নাগাদ ডলারের তুলনায় রুপির বিনিময় হার ছিল ৯৫.১৫৭ (যা ০.৪১ শতাংশ হ্রাস পেয়েছে)। অথচ, লেনদেন চলাকালীন ডলারের তুলনায় রুপির দর সর্বকালের সর্বনিম্ন ৯৫.৫৮তে নেমে আসে।
এর আগে রুপি কিছুটা শক্তিশালী হয়ে ডলারের তুলনায় ৯৩.২৪৭ টাকার স্তরে পৌঁছেছিল। তবে, লেনদেন চলাকালীন ডলারের তুলনায় রুপির দর ২.৩৩ রুপি কমে ৯৫.৫৮ টাকার স্তরে নেমে আসে।
আন্তঃব্যাঙ্ক বৈদেশিক মুদ্রাবাজারে, রুপি ৯৩.৬২ টাকায় লেনদেন শুরু করে এবং তারপর মার্কিন ডলারের তুলনায় আরও শক্তিশালী হয়ে ৯৩.৫৭ টাকায় পৌঁছায়, যা তার আগের দিনের বন্ধ দরের চেয়ে ১২৮ পয়সা বেশি। শুক্রবার, মার্কিন ডলারের তুলনায় রুপির দর ৮৯ পয়সা কমে ৯৪.৮৫ এর ঐতিহাসিক সর্বনিম্ন স্তরে বন্ধ হয়েছিল।
কেন রুপির দর পতন হল?
ফরেক্স ব্যবসায়ীরা বলেছেন যে, ডলার সূচকের উচ্চতা এবং অপরিশোধিত তেলের দামের কারণে রুপির দর চাপের মধ্যে রয়েছে। নিরাপদ আশ্রয়ের চাহিদা ডলার সূচককে ১০০ স্তরের উপরে দৃঢ়ভাবে ধরে রেখেছে, যা রুপির কোনও উল্লেখযোগ্য সংশোধনকে সীমিত করছে। এছাড়াও, ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা তেলের দামকে ক্রমশ প্রভাবিত করেছে এবং সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্রেন্ট অপরিশোধিত তেলের দামও বাড়ছে।
শেয়ার বাজারে বড় পতন
এদিকে, বিশ্বব্যাপী তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ফিউচার ২.৬০ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ১১৫.৫০ ডলারে লেনদেন হয়েছে। দেশীয় শেয়ার বাজারে, সেনসেক্স ১,৭৩৩.৭৮ পয়েন্ট কমে ৭১,৮৪৯.৪৪ এর স্তরে নেমেছে৷ অন্যদিকে, নিফটি ৫২৮.৪৫ পয়েন্ট কমে ২২,২৯১.১৫ এর স্তরে বন্ধ হয়েছে। এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী, বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শুক্রবার মোট ৪,৩৬৭.৩০ কোটির রুপির শেয়ার বিক্রি করেছেন।
বিভি/এজেড



মন্তব্য করুন: