মালয়েশিয়ায় হালাল বাণিজ্য মেলা: বাংলাদেশি পণ্যের বড় সাফল্য
ছবি: মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)
মালয়েশিয়ার কুয়ালালামপুরে বিশ্বের অন্যতম বড় হালাল বাণিজ্য মেলা ‘মালয়েশিয়া ইন্টারন্যাশনাল হালাল শোকেস (মিহাস)’-এ বাংলাদেশি পণ্যের প্রতি আগ্রহ দেখিয়েছেন বিদেশি ক্রেতারা। মেলায় অংশ নিয়ে প্রাণের পণ্যের জন্য ২ মিলিয়ন ডলারের রফতানি আদেশ পেয়েছে প্রতিষ্ঠানটির মালয়েশিয়াভিত্তিক পরিবেশক পিনাকল ফুডস। আরও প্রায় ১ মিলিয়ন ডলারের অর্ডারের সম্ভাবনাও তৈরি হয়েছে।
তিন দিনব্যাপী মিহাসের ২২তম আসরে বাংলাদেশ থেকে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেয়। এগুলোর মধ্যে ছিলো প্রাণ, ঘরের বাজার, প্যারাগন অ্যাগ্রো, তালুকদার অ্যাগ্রো ফুডস অ্যান্ড বেভারেজ, নওরিশ ফুডস, বায়োফার্মা ও মৈত্রী ইনফিনিটি।
মেলায় অংশ নেওয়া অন্যান্য বাংলাদেশি প্রতিষ্ঠানও মালয়েশিয়া ও অন্যান্য দেশের ক্রেতাদের সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরি করেছে। নওরিশ ফুডস বিভিন্ন ডিস্ট্রিবিউটরের সঙ্গে আলোচনা করেছে। প্যারাগন ফুডস জানিয়েছে, মালয়েশিয়ার বাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।
এবারের মেলায় মোট সম্ভাব্য বাণিজ্যের পরিমাণ ৫.৫ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত ছাড়িয়েছে বলে জানিয়েছে আয়োজক ম্যাট্রেড। খাদ্য, ওষুধ, প্রসাধনী, ফ্যাশন, ইসলামিক ফাইন্যান্স ও প্রযুক্তিসহ ১৪টি খাতের পণ্য ও সেবা মেলায় প্রদর্শিত হয়।
বিভি/এমআর













মন্তব্য করুন: