• NEWS PORTAL

  • বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বাংলা কিউআরে এবার সরাসরি পাঠানো যাবে টাকা!

প্রকাশিত: ২১:১৮, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ফন্ট সাইজ
বাংলা কিউআরে এবার সরাসরি পাঠানো যাবে টাকা!

ছবি: বাংলা কিউআর

বাংলা কিউআরের ব্যবহার এবার ব্যক্তি পর্যায়েও যাচ্ছে। আগামী নভেম্বর থেকে একজন গ্রাহক অন্য গ্রাহকের বাংলা কিউআর কোড স্ক্যান করে সরাসরি টাকা পাঠাতে পারবেন। সংশ্লিষ্ট মোবাইল অ্যাপে কিউআর কোডের ছবি আপলোড করেও করা যাবে এ লেনদেন।

একইসঙ্গে বাংলা কিউআর ব্যবহারে ব্যবসায়ীদের জন্যও নতুন সুবিধা আসছে। আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে পণ্য বা সেবার মূল্য পরিশোধের অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা হবে। ফলে লেনদেনের পর অর্থ পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে না ব্যবসায়ীদের।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত জুনে প্রতিদিন গড়ে প্রায় এক লাখ বাংলা কিউআর লেনদেন হতো। এর দৈনিক গড় অর্থমূল্য ছিলো ২৮ কোটি টাকার বেশি। বর্তমানে লেনদেন বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ৫০ হাজারে, আর অর্থমূল্য বেড়ে হয়েছে গড়ে ১৪৩ কোটি ৫৪ লাখ টাকা। অর্থাৎ ৯০ দিনের ব্যবধানে লেনদেনের সংখ্যা সাড়ে তিন গুণ এবং অর্থমূল্য প্রায় পাঁচ গুণ হয়েছে। বর্তমানে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠানের গ্রাহকেরা প্রায় ৩৯ লাখ মার্চেন্টের কাছে বাংলা কিউআর ব্যবহার করে মূল্য পরিশোধ করতে পারেন।

এদিকে ১ অক্টোবর থেকে বাংলা কিউআর লেনদেনে অধিগ্রহণকারী প্রতিষ্ঠানের সর্বনিম্ন ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) তুলে দেওয়া হচ্ছে। ইস্যুকারী প্রতিষ্ঠানের ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফিও শূন্য করা হয়েছে।

এ ছাড়া ২ হাজার টাকা পর্যন্ত প্রতিটি বাংলা কিউআর লেনদেনে প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে। জাতীয় পেমেন্ট সুইচ বাংলাদেশের মাধ্যমে হওয়া এসব লেনদেনে অধিগ্রহণকারী প্রতিষ্ঠান ০.১০ শতাংশ এবং ইস্যুকারী প্রতিষ্ঠান ০.২০ শতাংশ হারে প্রণোদনা পাবে।

বিভি/এমআর

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত